বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকারের মধ্যে একটি দুরভিসন্ধিমূলক আচরণ লক্ষ করছি। আমরা বারবার বলে আসছি নির্বাচনে আমরা যাতে অংশগ্রহণ করতে না পারি সেটিই সরকার ও নির্বাচন কমিশন চায়। বিএনপির নেতাকর্মীদের আইনশৃঙ্খলাবাহিনী এখনো পর্যন্ত গ্রেফতার অব্যাহত রেখেছে। প্রতিনিয়ত নিরীহ লোকজন হয়রানি হচ্ছে। সম্ভাব্য এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেফতার ও নজরদারি করা হচ্ছে। বিজ্ঞ এ আইনজীবী আরো বলেন, আমরা বলে আসছি নির্বাচন কমিশন সরকারের লক্ষ্য বাস্তবায়ন করার জন্য কাজ করছে। তিনি বিএনপির ৮১ জনের মনোনয়ন বাতিল প্রসঙ্গে বলেন, আমরা আইনের আশ্রয় নেবো। হাইকোর্ট ডিভিশনে রিট দায়ের করে চ্যাঞ্জেল করা হবে।
তিনি আরো বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে বলিনি নিজেদের জন্য ও ঐক্যফ্রন্টের জন্য কত আসন দেয়া নেয়া হবে। কাকে কত আসন দেয়া হবে শেষমুুহূর্ত পর্যন্ত দেনদরবার চলছে। ধানের শীষের জনপ্রিয়তার পাশাপাশি যদি প্রার্থীর জনপ্রিয়তা থাকে তাহলে আমরা তাকে অগ্রাধিকার দেবো। যদি প্রার্থীর জনপ্রিয়তা থাকে আমরা প্রয়োজনে বেশি আসন দেবো। এতে বেশি আসন দিতে কোনো সমস্যা নেই। প্রার্থী ঐক্যফ্রন্টের হোক, জোটের হোক কিংবা বিএনপির হোক নির্ভর করবে তার জনপ্রিয়তার ওপর।
মওদুদ আরো বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। যদি সরকার গ্রেফতার বন্ধ করে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় তাহলে সারা দেশে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে। কোনো দল সন্ত্রাসীর আশ্রয় নেবে না। প্রতিপক্ষের প্রতি আমার নিবেদন থাকবে সম্মানজনক ও শান্তিপূর্ণ নির্বাচনে কোনো ধরনের সরকারি প্রভাব ছাড়া পুলিশ প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে।
তিনি গতকাল সোমবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা মানিকপুরস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি হাসনা জীসম উদ্দিন মওদুদ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহছান উল্যাহ মানিক, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপির নেতা ফিরোজ আলম, শাহজাহান, পৌর যুবদলের সভাপতি শওকত হোসেন সগীর, ছাত্রনেতা আতোয়ার হোসেন পাবেল, এরশাদ আহমদ প্রমুখ।
ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে : মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকারের মধ্যে একটি দুরভিসন্ধিমূলক আচরণ লক্ষ করছি। আমরা বারবার বলে আসছি নির্বাচনে আমরা যাতে...



