নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ীর আংশিক) আসনে বিএনপি প্রার্থী ও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সেনবাগ উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ কাজী মফিজুর রহমানের পক্ষে মাঠ দখলে রাখতে তার সমর্থকরা আনন্দ মিছিল, মৌন মিছিল, উঠান বৈঠক, গণসংযোগ, মতবিনিময় সভা, মহিলা সমাবেশ করে যাচ্ছেন। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের নেতৃত্বে এসব কর্মসূচি পালন করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার দুপুরে সেনবাগ পৌর শহরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ শাহজাহান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং কলেজছাত্র সংসদের সাবেক ভিপি মফিজুল ইসলাম, সেনবাগ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কলেজছাত্র সংসদের এজিএস আবদুল হান্নান লিটনের নেতৃত্বে বিশাল মৌন মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এর আগে উপজেলার সেবারহাট, ফকিরহাট, কানকিরহাট বাজার, ছমিরমুন্সিরহাটসহ উপজেলার গুরুত্বপূর্ণ কমপক্ষে দশটি বাজারে এসব কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা এ আসনে বিএনপি প্রার্থী আলহাজ কাজী মফিজুর রহমানকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করে আসনটি বেগম জিয়াকে উপহার দিতে পারবেন বলে দাবি করেন।
উল্লেখ্য, এ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককেও বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে।



