একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার তিনটি আসনের মধ্যে পিরোজপুর-২ আসনটি গুরুত্বপূর্ণ। এ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলোর মধ্যে রয়েছেন মহাজোট থেকে মনোনীত আনোয়ার হোসেন মঞ্জু। মূলত এ আসনে জাতীয় পার্টির (মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি তথা বিশ দলীয় জোট থেকে ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থীর।
পিরোজপুর-২ আসন থেকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের একজন আহম্মদ সোহেল মঞ্জুর সুমন। তিনি মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের বেসামরিক কমান্ডার সাবেক প্রতিমন্ত্রী নূরুল ইসলাম মঞ্জুরের ছেলে।
আহম্মদ সোহেল মঞ্জুর সুমন পিরোজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্বপালন করছেন। তাকে বিএনপি থেকে মনোনয়ন দেয়ায় ব্যাপারে এ আসনের নেতাকর্মীরা আশাবাদী।
পিরোজপুর-২ আসনের অন্তর্ভূক্ত কাঊখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, আমরা আশা করি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের মতো তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামত আমলে নিয়ে জয়লাভে যোগ্য একজন প্রার্থীকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিবেন।
তিনি আরো বলেন, যোগ্য প্রার্থীকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয়া হলে কাঊখালীবাসী কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবে। আহম্মদ সোহেল মঞ্জুর সুমনকে আমরা ধানের শীষ প্রতীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে চাই।
ইন্দুরকানী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফাইজুল কবির তালুকদার বলেন, আমারা দীর্ঘদিন আমাদের দলীয় প্রতীকে ভোট দিতে পারি নাই। সুমন মঞ্জুরকে নির্বাচনে চূড়ান্ত মনোনয়ন দেয়া হলে আমরা ঐক্যবদ্ধভাবে তার জন্য কাজ করতে চাই।
ভান্ডারিয়া উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সিকদার জাকির হোসেন বাচ্চু বলেন, এ আসনে বিএনপির নিজস্ব প্রার্থী ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে আমাদের ঘরে বসে থাকা ছাড়া কোনো উপায় থাকবেনা। সুমন মঞ্জুর ব্যতীত অন্য প্রার্থীর পক্ষে বিএনপির কোনো নেতাকর্মী কাজ করবে না।
ভান্ডারিয়া পৌর বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন আকন বলেন, আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের মাধ্যমে এ আসনে জয়লাভ করে বেগম খালেদা জিয়াকে উপহার দিতে আমরা ঐক্যবদ্ধ।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন মিঠু বলেন, বিরোধী প্রার্থীর সাথে নির্বাচনে টিকে থাকতে হলে সে রকম যোগ্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী দরকার।
তিনি আরো বলেন, ভান্ডারিয়ায় প্রতিপক্ষের শক্তিশালী প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বীতা করতে আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের বিকল্প নেই।






