আওয়ামী লীগের সভাপতিমগুলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নৌকা জনগণের আস্থার প্রতীক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ উন্নয়নের জন্য জনগণের আস্থা রাখার মতো কাজ করেছে। আর তাই এবার সব ধান নৌকায় নিয়ে যাবো ইনশা আল্লাহ।
সিরাজগঞ্জের কাজিপুরের পরানপুরে গতকাল এক পথসভায় এ কথা বলেন তিনি। কাজিপুরের স্কুল-কলেজ, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, পর্যটনকেন্দ্র, নদীশাসনের মতো গুরুত্বপূর্ণ উন্নয়নের কথা উল্লেখ করে ভোটারদের উদ্দেশে নাসিম বলেন, কাজিপুরে পাঁচ বছরে পাঁচ হাজার কোটি টাকার উন্নয়ন করেছি। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করুন।
এ আসনে বিএনপি প্রার্থী এক গায়িকার কথা উল্লেখ করে নাসিম বলেন, তিনি গানের মানুষ। কোনো দিনও তিনি কাজিপুরের উন্নয়ন তো দূরের কথা এখানকার তার দলীয় নেতাকর্মীদেরই তিনি চেনেন না। তিনি প্রশ্ন রেখে বলেন, এই রকম মওসুমি প্রার্থী কী করে এলাকার মানুষের উন্নয়ন করবেন। আর ভোটের আশাই করেন কী করে? এ সময় তিনি এবারের সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোট দিয়ে কাজিপুর থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজগর আলী মণ্ডলের সভাপতি অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী প্রমুখ।



