একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি প্রার্থীর প্রথম পথসভা পন্ড হয়েছে। সোমবার বিকালে উপজেলার কেকেরচর ইউনিয়নের লংগড়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি পথসভার আয়োজন করলে পাল্টা আওয়ামী লীগও পথসভার আহবান করে। এ নিয়ে উভয় দলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশি হস্তক্ষেপে পথসভা পন্ড হয়েছে।

এলাকাবাসী জানান, সোমবার বিকালে বিএনপি লংগড়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে পূর্ব নির্ধারিত প্রথম পথসভার আহবান করে। অপরদিকে আওয়ামী লীগ একই স্থানে পথসভার আহবান করে মাইকিং করে। এতে এলাকায় উভয় দলের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর ৩ আসনের বিএনপির মনোনিত প্রার্থী সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল বলেন, জেলা রিটানিং অফিসারের অনুমতি সাপেক্ষে পূর্ব নির্ধারিত কর্মসূচীর আলোকে প্রতীক পাওয়ার পর লংগড়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম পথসভার আয়োজন করা হয়েছিল। কিন্তু গত রাতে ডিবি পুলিশ এলাকায় অভিযান চালিয়ে ওয়ার্ড বিএনপির নেতা ও ইউপি সদস্য ফারুক মিয়াকে ধরে নিয়ে যায়। এতে দলীয় নেতাকর্মীদের মাঝে ভয়ভীতি সৃষ্টি হয়।এর পরেও নির্ধারিত সময়ে পথসভার আয়োজন করা হলে পুলিশ এসে পথসভা বন্ধ করে দেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সবুজ বলেন, আমরা আওয়ামী লীগ মনোনিত প্রার্থী এমপি একেএম ফজলুল হক চানের সম্মতি ক্রমে ওই মাঠে সমাবেশের আহবান করি। পরে পুলিশ এসে সমাবেশ বন্ধ করতে বললে আমরা সমাবেশ বন্ধ করে দেই।

থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, একই মাঠে আওয়ামী লীগ ও বিএনপি মনোনিত প্রার্থীর পথসভার আহবান করায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এতে সংঘর্ষের আশংকা দেখা দেয়। এনিয়ে উভয় দলের নেতাকর্মীদের সাথে আলোচনা করলে তারা নিজেরাই পথসভা বন্ধ করেন।