ফেনী-১ (ছাগলনাইয়া-পরশুরাম-ফুলগাজী) আসনের পরশুরাম উপজেলার সুবার বাজারে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ধানের শীষের প্রার্থী রফিকুল আলম মজনুর নির্বাচনী প্রচারণার সময় হামলা চালিয়ে মাইক ভাংচুর ও দুই প্রচারকর্মীকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়া হয়েছে।

অপরদিকে ফুলগাজীর আন্দপুর, মুন্সীরহাটসহ কয়েকটি এলাকায় ধানের শীষের কর্মী-সমর্থকদের হুমকি ধামকি দেয়ার অভিযোগ করেছেন ধানের শীষের প্রার্থী মজনু। এ ঘটনার জন্য বিএনপি স্থানীয় সরকার দলীয়দের দায়ী করছেন। হামলা ও হুমকির প্রতিকার চেয়ে ফেনী জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তার কাছে অভিযোগ দেয়া হয়েছে।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় ধানের শীষের প্রচারণার সময় পরশুরামের সুবার বাজারে হামলা করে মাইক ভাংচুর ও প্রকারকর্মী হৃদয়, মমিন ও সিএনজি চালক সোহেলকে পিটিয়ে আহত করা হয়েছে। আহতদের পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার ব্যাপারে জানতে চাইলে পরশুরাম থানার ওসি শওকত হোসেন জানান, তিনি কোন অভিযোগ পাননি ।