ঝিনাইদহ-২ আসনের বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মজিদ নিজের বাড়িতে অবরুদ্ধ রয়েছেন। তিনি নৌকার সমর্থকদের হামলা ও হুমকির কারণে মাঠে নামতে পারছেন না। সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি নিজেই একথা জানিয়েছেন।

নিজ বাড়িতে অবরুদ্ধ থাকার কথা জানিয়ে তিনি বলেছেন, নৌকা সমর্থকদের হামলা ও হুমকির কারণে গ্রামে গ্রামে গণসংযোগ ও প্রচারণা চালানো তো দূরের কথা, নির্বাচনী পোষ্টার, ব্যানার ও হ্যন্ডবিল পর্যন্ত তিনি কোথাও পাঠাতে পারছেন না। পাশাপাশি যেসব নেতাকর্মী তার বাসায় এসব নির্বাচনী সামগ্রী নিতে আসছেন তাদেরকেও মারধর করা হচ্ছে।

বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মজিদ অভিযোগ করেন, যে মুহূর্তে গোটা জাতি বিজয় দিবস পালন করছে। ঠিক সেই মুহুর্তে আমি নিজ বাসায় বন্দি রয়েছি। নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালাতে আমি শহর, ইউনিয়ন, পাড়া, মহল্লা বা গ্রামে কোথাও যেতে পারছি না। আমার গণসংযোগের খবর পেয়েই নৌকার সমর্থকরা অস্ত্রসস্ত্র নিয়ে আগে থেকেই ওৎ পেতে থাকছে। এ অবস্থায় গ্রাম থেকে নেতাকর্মীরা আমার শহরের বাসায় পোষ্টার, ব্যানার ও হ্যন্ডবিল নিতে আসলে তাদেরকেও মারধর করা হচ্ছে।

তিনি অভিযোগ করেন, শহরের পবহাটী গ্রামের সৃজনী মোড়, উজির আলী স্কুলের সামনে ও কলাবাগান পাড়ায় চিহ্নিত সন্ত্রাসীদের দিয়ে সশস্ত্র প্রহরা বসানো হয়েছে। এই সন্ত্রাসীরা গত ৩/৪ দিনে আমার অনন্ত ১৫/২০ জন নেতাকর্মীকে মারধর করেছে।

অ্যাডভোকেট আবদুল মজিদ তার অভিযোগ সংবাদ মাধ্যমে পাঠানোর পাশাপাশি ই-মেইল জেলা রিটার্নিং অফিসারের কাছেও পাঠিয়েছেন। জেলা রিটার্নিং অফিসারের কাছে পাঠানো ই-মেইলে তিনি বলেন, আমার নির্বাচনী এলাকা ঝিনাইদহ-২ আসনে ন্যায়বিচার তো দূরের কথা ন্যূনতম মানবিকতা ও মানবাধিকারও মানা হচ্ছে না।