ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের বিএনপি প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন এই আসনের বিগত উপ-নির্বাচনে জাতীয় পার্টির এমপি প্রার্থী রেজোয়ান আহমেদ। ২০১৭ সালের ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিত উপনির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেন তিনি।

বুধবার সন্ধ্যায় উপজেলার গোকর্ণ ইউনিয়নে ধানের শীষের সমর্থনে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় বক্তৃতাকালে জাপা নেতা রেজোয়ান আহমেদ বলেন, মহাজোটের লোক হিসেবে আমার নৌকার মঞ্চে থাকার কথা ছিল। কিন্তু কোনো ভোট ডাকাত ও ভোট চোরের সাথে আমি এক মঞ্চে থাকতে পারিনা। তাই আমি ধানের শীষের মঞ্চে একজন ভাল মানুষের সাথে এসেছি।

তিনি ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের বিগত উপ-নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, আমি জানি আপনারা সবাই আমাকে ভোট দিয়েছিলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিতও হয়েছিলাম, কিন্তু আমার বিজয় ডাকাতি করে ছিনিয়ে নেয়া হয়েছিল। তাই আমি বলতে চাই জনগণের ভোটে নির্বাচিত এমপি আমি রেজোয়ান আর উনি ভুয়া এমপি।

তিনি সুন্দর নাসিরনগর গড়তে ভোট ডাকাতদের প্রত্যাখ্যান করে ভাল মানুষের পক্ষে অবস্থান নেয়ার আহবান জানান। পাশাপাশি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ারও আহবান জানান তিনি।

নির্বাচনী সভায় ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।