একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলছে জমজমাট প্রচারণা। এই প্রচারণায় বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে অংশ নিচ্ছেন শোবিজের অনেক তারকারা।
এদের মধ্যে দর্শকপ্রিয় নায়ক ফেরদৌস ও অপু বিশ্বাস বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে দেশের বিভিন্ন স্থানে নৌকার প্রচারণায় অংশ নিচ্ছেন। এরই অংশ হিসেবে শুক্রবার দুপুরে তারা নৌকার প্রচারণায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে ভোলার লালমোহনে যান।
এদিকে দুই তারকা লালমোহনে আসার সংবাদটি জানাজানি হলে তাদের দেখতে ভিড় করেন সাধারণ মানুষ ও ভক্তরা।
প্রচারণার প্রথমেই ফেরদৌস ও অপু বিশ্বাস ফরাজগঞ্জ ইউনিয়নে গণসংযোগে যান। সেখানে রাস্তার দুই পাশে শত শত নারী-পুরুষ তাদের দেখার জন্য ভিড় করেন। এ সময় তারা নৌকার পক্ষে ভোট চান।
নৌকার পক্ষে ভোট চাইতে গিয়ে ফেরদৌস বলনে, উন্নয়নের মার্কা, শেখ হাসিনার মার্কা, নুরুন্নবী চৌধুরী শাওনের মার্কা, শান্তির মার্কা নৌকার পক্ষে ভোট চাইতে আমরা এখানে এসেছি। আপনারা ৩০ ডিসেম্বর সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করবেন।






