একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-কিশোরগঞ্জ সদর) আসনে শনিবার দুপুরে হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া, শাহেদল, পুমদি ইউনিয়ন ও হোসেনপুর পৌর এলাকার বিভিন্ন হাট-বাজার ও বড় রাস্তার মোড়ে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী, সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ ও কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম খান চুন্নু।
হোসেনপুর পৌর এলাকার ঢেকিয়া পথসভায় ধানের শীষের প্রার্থী মোঃ রেজাউল করিম চুন্নু বলেন, সুষ্ঠু নির্বাচন হলে এবং ভোটাররা নিবিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারলে ধানের শীষ শতকরা আশি ভাগ ভোট পেয়ে বিজয়ী হবে।
উল্লেখ্য, এ আসনে আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ আশরাফুল ইসলাম ব্যাংককের একটি হাসপাতালে দীর্ঘদিন ধরে অসুস্থ্য থাকায় গত মঙ্গলবার কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত জনসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যামে সৈয়দ আশরাফের পক্ষে ভোট চান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে হোসেনপুর ও কিশোরগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম-গঞ্জ থেকে শুরু করে সর্বত্রই আলোচনার ঝড় উঠেছে কে হবে এ আসনের বিজয়ী।
তবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের প্রতীকের বিজয় ঠেকানো যাবে না বলে দাবি করেছেন বিএনপি নেতাকর্মীরা।
নির্বাচনী গণসংযোগ ও প্রচারণার সময় ধানের শীষের প্রার্থী মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম খান চুন্নুর সাথে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ শরিফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লা সোহেল, হোসেনপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুল আহসান বাদল, সাধারণ সম্পাদক ও সাবেক স্পেশাল পিপি অ্যাডভোকেট মুঞ্জুরুল ইসলাম জুয়েল, হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি সাফায়াতুল ইসলাম সম্রাট, ছাত্রদল নেতা মোঃ কামরুজ্জামান সৌরভ, ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান চন্দন প্রমূখ।






