সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের আংশিক) আসনে গণসংযোগ ও ভোটারদের কাছে ভোট চাইলেন বিএনপি মনোনীত প্রার্থী কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। শুক্রবার দুপুর পৌনে ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত কাজিপুর উপজেলার সোনামুখী বাজার এলাকায় গণসংযোগ করেন তিনি।
এ সময় রুমানা মোর্শেদের স্বামী সুরকার মইনুল ইসলাম তার সাথে ছিলেন। ভোট প্রার্থনার সময় কনকচাঁপা বলেন, প্রচারণায় সরাসরি বাধা না দেয়া হলেও মোবাইল ফোনে হুমকির সম্মুখীন হতে হয়েছে। তারপরও প্রচারণা চালাচ্ছি, মানুষের ভালোবাসা পাচ্ছি। জনগণ যদি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলে আমি ভালো ফল আশা করছি। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।
তিনি আরো বলেন, জনগণকে তাদের গণতন্ত্র ও ভোটা অধিকার দিতে হবে, আমরা কেন আমাদের মার্কার জন্য ভোট চাইতে পারব না? ধানের শীষের প্রার্থী কণ্ঠশিল্পী কনকচাঁপার গণসংযোগ ও ভোটাদের কাছে ভোট প্রার্থনা করার সময় পুলিশ তার নিরাপত্তা দিতে সাথে সাথে থাকে এবং আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থকেরা দূরত্ব বজায় রাখে। প্রচারণা শেষে তিনি তার নির্বাচনী এলাকা থেকে অন্যত্র চলে যান।