সকাল-বিকেল রাত পর্যন্ত প্রচার-প্রচারণায় মনে হয় ঢাকা-৯ (মুগদা-সবুজবাগ) আসনে একজনই আছেন। তার নামে এ আসনে চলছে পোস্টার ব্যানার মিছিলসহ সব নির্বাচনী কর্মকাণ্ড। অন্যরা আছেন কি না তা রীতিমতো গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
গতকাল ঢাকা-৯ (মুগদা-সবুজবাগ) আসনে বিভিন্ন এলকা ঘুরে এমন দৃশ্যই দেখা গেছে। এবারের নির্বাচনে এ আসনে ভাগ্যবান এ ব্যক্তি হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। অন্য দিকে, বিএনপির প্রার্থী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী। বাকি দু’জন জাকের পার্টির কবির হোসেন গোলাপ ফুল মার্কা এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্টের প্রার্থী মো: শফিউল্লাহ চৌধুরী টেলিভিশন মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে ১৩২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ দিকে, গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত পুরো এলকা ঘুরে দেখা গেছে, সাবের হোসেন চৌধুরীর নামে মুগদা ও সবুজবাগ থানাসহ পুরো এলাকায় খণ্ড খণ্ড মিছিল। এলাকায় একটি কমিউনিটি সেন্টারেও চলছে নানান ধরনের বৈঠক ও আলোচনা। এসব কিছুরই আয়োজন হয়েছে, কারণ সাবের হোসেন চৌধুরীকে জেতাতে হবে। এ আসনটিতে গত চারটি নির্বাচনের তিনটিতেই জিতেছেন সাবের হোসেন চৌধুরী। তবে আগের নির্বাচনে ছিল উত্তাপ-উত্তেজনা। এলাকায় ছিল টান টান উত্তেজনা প্রচারণা। কিন্তু এবার চিত্র ভিন্ন। তিনি ও তার সহকর্মীরা একই সাথে প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন মসজিদে গিয়ে ভোট চাইছেন। আর তারা যখন ভোট চাইতে বের হন, তখন অনেকে দেখেছেন কঠোর পুলিশি পাহারা থাকে সেখানে।
এ দিকে এ আসনের কয়েক গন্যমান্য ব্যক্তির সাথে আলাপ করে জানা গেছে, এখন পর্যন্ত তারা সাবের হোসেন চৌধুরীর বিপরীতে শক্ত প্রার্থী হিসেবে পরিচিত আফরোজা আব্বাসকে তার নির্বাচনী প্রচারে দেখেননি। এমনকি যারা প্রচার-প্রচারণা চালাবেন বলে ধরে নেয়া হয়েছে তাদের অনেকে ঢাকা দিয়ে আছেন বা গ্রেফতার হয়েছেন বলে তারা মনে করছেন। পুরো এলাকায় ছোট বড় দোকানে ভোট চাইতে আসেননি আফরোজা আব্বাস। অভিযোগ অছে, যারাই তার সাথে প্রচারণায় নামছেন হয় তাদের গ্রেফতার করা হচ্ছে আর না হয় বিভিন্নভাবে শাসানো হচ্ছেÑ ভবিষ্যতে যেন না দেখা যায়।
গোলাপ আর টেলিভিশনের পোস্টার আছে : প্রচারণা নেই
অন্য দিকে, এ আসনে নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, জাকের পার্টির প্রার্থী কবির হোসেন গোলাপ ফুল মার্কা নিয়ে লড়ছেন ঠিকই তবে তাকেও প্রচারণায় দেখা যাচ্ছে না। তার সমর্থকরা হাতেগোনা কয়েকটি পোস্টার এলাকার বিভিন্ন স্থানে ঝুলিয়ে রাখলেও সশরীরে তার উপস্থিতি এখনো কেউ দেখেনি। ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্টের প্রার্থী মো: শফিউল্লাহ চৌধুরীরও অবস্থা একই। তার হাতেগোনা কয়েকটি পোস্টার চোখে পড়ে। মুগদা রাস্তার মাথায় আর বৌদ্ধ মন্দিরের আশপাশে। তাকে কেই সশরিরে প্রচারণায় দেখেনি বলে এলাকার বেশ কয়েকজন ভোটার জানান। এমনকি সেখানে দাঁড়িয়ে কয়েকজনের মন্তব্য এমন ছিলÑ আওয়ামী লীগের প্রার্থীর মান-সম্মান রক্ষায় তাদেরই কেউ এসব পোস্টার ঝুলিয়েছেন।