নৌকায় ভোট দিলে কেন্দ্রে যেতে বলেছেন না হলে বাড়িতে ঘুমানোর নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ নেতা। চাঁদপুর ফরিদগঞ্জের আওয়ামী লীগ নেতা হাসান আব্দুল হাই তার কর্মী-সমর্থকদের এই নির্দেশ দেন। সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া একটি বক্তব্যে তিনি এসব নির্দেশনা দিয়েছেন।
ফেসবুকের সেই ভিডিওতে দেখা যায় ২১ ডিসেম্বর সকালে একটি পথসভায় চাঁদপুর জেলার ফরিদগঞ্জের ১২ নম্বর চরদুঃখীয়া ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাসান আব্দুল হাই বক্তব্য রাখছেন। যেখানে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
আওয়ামী লীগ নেতা আব্দুল হাইয়ের বক্তব্য তুলে দেয়া হলো- (ভিডিও থেকে)
‘আপদে বিপদে যতকিছু লাগে আমি আব্দুল হাই আছি তোদের পিছনে। আমরা কাউকে নৌকার বাইরে, এমন কোন ভদ্রলোক নাই এদেশে যে, নৌকার বাইরে সে কেন্দ্রে যাবে। যত শক্তিশালী হোক না কেন। আমরা কাউকে নৌকার বাইরে কেন্দ্রে যেতে দিব না। একটা কথা মনে রাখবা তোমরা- মানুষ যেখানে কম সেখানে কাজ করতে সুবিধা, মানুষ কম থাকলে খাইতেও সুবিধা ঠিক কিনা—এসময় উপস্থিত নেতাকর্মীরা সমস্বরে অন্যরা বলেন জ্বী।
তিনি আরো বলেন, কম মানুষ হলে খাইতে সুবিধা, বেশি মানুষ হলে খাইতে অসুবিধা। এজন্য আমরা চাই কেন্দ্রে কম মানুষ যাবে। তাদেরকে মেসেজ দিয়ে দিবা, তাদেরকে মেসেজ দিবা নৌকায় ভোট দিলে কেন্দ্রে যাবেন, না হলে বাড়ি বাড়ি ঘুমান আপনারা। আমরা আপনাদের ক্ষতি করব না, আপনারা আমাদের ক্ষতি করার চেষ্টা করবেন না বলে দিলাম। এই থাকবে তোমাদের কাছে আমার অনুরোধ। বক্তব্য দেয়া শেষ হলে তিনি পাশের একজনকে বলেন, কালকে ছাত্রলীগ, যুবলীগ যারা আছে আমার সাথে কথা বল, বিকেল থেকে মাঠে নামো।
উল্লেখ্য, এই আসনে অর্থ্যৎ চাঁদপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাতীয় প্রেস ক্লাবের সদ্য সাবেক সভাপতি সাংবাদিক শফিকুর রহমান। তিনি এই আসনে আগে দুই বার নির্বাচন করে বিএনপি প্রার্থীর কাছে ধরাশায়ী হন।






