ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া বলেছেন, বিনা ভোটে নির্বাচিত দলীয় সরকারের অধীনে এবং ঠুটো জগন্নাথ মার্কা নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করা কঠিন। তবুও জাতির বৃহতর স্বার্থের কথা চিন্তা করে আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি।
কিন্তু সরকারের নতজানু প্রধান নির্বাচন কমিশনার মুখে মুখে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বললেও বাস্তবে কোনো নির্বাচনী মাঠই নেই। তিনি বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন প্রার্থী ভোটের মাঠে প্রচারণা চালাতে পারলেও ধানের শীষের নেতাকর্মী ও সমর্থকদের মাঠে দাড়াতেই দিচ্ছেনা পুলিশ।
সোমবার সকালে আশুগঞ্জ প্রেসক্লাবে ধানের শীষের প্রচারণায় বাধা, হামলা-ভাংচুর, নির্বাচনী প্রচারণা অফিসে তালা এবং বিএনপি নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে ভোটের মাঠে সেনা মোতায়েনকে স্বাগত জানিয়ে আব্দুস সাত্তার ভূঁইয়া বলেন, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী জাতির ক্রান্তিলগ্নে বারবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের গণতন্ত্র ও অস্তিত্ব আজ সংকটের মুখোমুখি। এবারও সেনাবাহিনীর দায়িত্বশীল ভূমিকায় এই সংকট থেকে জাতি মুক্তির পথ খুঁজে পাবে বলে আমরা আশাবাদী।
তিনি তার নির্বাচনী প্রচারণায় বাধা, হামলা, গ্রেফতার ও পুলিশি হয়রানির চিত্র তুলে ধরে বলেন, এতকিছুর পরও আমরা নির্বাচনী মাঠ ছাড়িনি। আমরা আশা করি এখন থেকে আইন শৃঙ্খলাবাহিনীসহ সংশ্লিষ্ট কতৃপক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করবে। কারণ সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্থ হলে দেশ মহা সংকটে পড়বে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুহাম্মদ শামীম বলেন, দেশের মানুষ আজ ফ্যাসিস্ট সরকারের জুলুম-শোষণে নিষ্পেষিত। ফলে জনগণ এখন ধানের শীষে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে। ধানের শীষের এই গণজোয়ার দেখে সরকার দিশেহারা হয়ে পড়েছে। তাই তারা প্রশাসনযন্ত্রকে ব্যবহার করে ধানের শীষের গণজোয়ার ঠেকাতে চায়। পুলিশ আমাদের কর্মী সমর্থকদের নামে মিথ্যা ও গায়েবি মামলা দায়েরসহ বিনা ওয়ারেন্টে গ্রেফতার এবং বাড়ি বাড়ি তল্লাশী করে হয়রানি করছে। পুলিশের আচরণ আওয়ামী লীগের দলীয় ক্যাডারদের আচরণকেও হার মানিয়েছে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের পক্ষে ভোট বিপ্লব হবে ইনশাআল্লাহ।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুহাম্মদ শামীম ও আহসান হাবীব শিপন, আশুগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান সিরাজ। এছাড়াও নির্বাচনী এলাকা সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।






