নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় হিজলী গ্রামের এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আবদুল মোতলেবের দোকানে একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই দোকানে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনে পাশের আবদুল ওয়াদুদের মুদি ও রুবেলের কাপড় দোকান পুড়ে ছাই হয়ে যায়। দোকানগুলোয় থাকা মালামাল, জেনারেটর ও টাকা পুড়ে গেছে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।
খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।



