মানিকগঞ্জের তিনটি নির্বাচনী আসনে মোট ৪৮৩টি কেন্দ্রের মধ্যে ২১১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে আইন-শৃংখলা বাহিনী।
মানিকগঞ্জ-১ আসনে ৮১টি, মানিকগঞ্জ-৩ আসনে ৫৫টি, মানিকগঞ্জ-২ আসনে ৭৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।
মানিকগঞ্জে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তত্ত্বাবধানে স্ব-স্ব প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারের হাতে নির্ধারিত ব্যালট পেপার, বাক্স, সিল-প্যাডসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি তুলে দেন সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা।
এদিকে প্রতি ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত আনসার ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
অপর দিকে ঐক্যফ্রন্টের নেতা-কর্মী ও সমর্থকদের এখনো নানা ভাবে হয়রানি ও হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঐক্যফ্রন্টের প্রার্থী ও নেতারা। মানিকগঞ্জ-২ আসনের আদালত কর্তৃক নির্ধারিত ধানের শীষের প্রার্থী অ্যাড. আব্দুল হামিদ ডাবলুর গাড়িতে গুলি করার অভিযোগ করেছেন কর্মী-সমর্থকেরা। ডাবলুর ফোনে বিষয়টি নিশ্চিত হবার জন্যে ফোন দিলে তার এক কর্মী বিষয়টি সত্য বলে দাবি করেন।






