ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোহাডুয়া গ্রামে গত সোমবার রাতে এলাকাবাসীর গণপিটুনীতে আলআমিন ওরফে মহব্বত নামে এক ডাকাতের মৃত্যু হয়েছে। তবে পুলিশ জানায়, ধাওয়া খেয়ে পালাতে গিয়ে গাছের সাথে ধাক্কায় মাথা ফেটে রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টায় গোহাডুয়া গ্রামে আফসার উদ্দিন ভূঞার বাড়িতে ছয়-সাতজনের একদল ডাকাত ঢোকে। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তাদের ধাওয়ায় দৌড়ে পালাতে গিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় আলআমিন। পরে এলাকাবাসী গণপিটুনী দিলে তার মৃত্যু হয়। ততক্ষণে অন্য সহযোগীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলআমিনকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। নিহত আলআমিন চাঁদপুর জেলার মতলব থানার মৃত শফিকুর রহমানের ছেলে।
ফেনী মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) সাজিদুল ইসলাম জানান, নিহত আলআমিন ডাকাত দলের সদস্য। ইতঃপূর্বে শহরের কদলগাজী রোড, বিরিঞ্চি ও রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে ডাকাতি করে আসছিল সে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরো জানান, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের হস্তান্তর করা হবে। আলআমিন মৃত্যুর আগে ঘটনায় জড়িত অন্য চার-পাঁচজন সদস্যের নাম-পরিচয় জানিয়েছে।