মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের পুরান বাইচাইল এলাকা থেকে আল আমিন (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আল আমিনের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায় সদর থানা পুলিশ। নিহত আল আমিন ঢাকুলি গ্রামের বাবুল মিয়ার ছেলে।
ঢাকুলি এলাকার স্থানীয় মেম্বার আব্দুল হক জানান, প্রায় দেড় বছর আগে পুরান বাইচাইল এলাকার হামিদুর রহমান বাবুর মেয়ে কুলছুম আক্তার বর্ণার সাথে প্রেমের সম্পর্কে বিয়ে হয় আল আমিনের। বিয়ের এক বছর সুখে সংসার করার পর দাম্পত্য কলহের জেরে দুই পারিবারের সম্মতিতে বিবাহ বিচ্ছেদ হয়।
তিনি আরো বলেন, তবে বিচ্ছেদের পরেও তাদের দুজনের মধ্যে যোগাযোগ ছিল। বৃহস্পতিবার রাত দুইটার দিকে বাইচাইল এলাকার স্থানীয় ইউপি সদস্য মহিদুর রহমান আল আমিনের বোনকে মুঠোফোনে জানান, কুলসুমের (সাবেক স্ত্রী) বাড়ির পাশে আল আমিন গুরুতর আহতাবস্থায় পড়ে আছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি রকিবুজ্জামান জানান, নিহত ছেলেটার পকেটে বিষ পাওয়া গেছে। জানা গেছে মৃত্যুর পেছনে একটা মেয়ের সাথে প্রেমঘটিত কারণ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।






