নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামে থেকে নিখোঁজের সাতদিন পর পেয়ারা বেগম (৫৫) নামের চার সন্তানের জননীর লাশ মিলল পাশর্^বর্তী বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের জমিদারহাট বাজারসংলগ্ন পুকুরে। পেয়ারা বেগম সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর ১ নং ওয়ার্ডের নলী বাড়ির মরহুম নুরুল হকের স্ত্রী।
গতকাল সকালে স্থানীয় লোকজন লাশটি পুকুরের পানিতে ভাসতে দেখে ওই স্থানে জড়ো হয়। পরে খবর পেয়ে বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ আলম মোল্লার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত বেলাল হোসেন লাশটি তার নিখোঁজ বোনের বলে শনাক্ত করেন।
তিনি জানান, তার বোন পেয়ারা বেগম মানসিকভাবে অসুস্থ ছিল। গত সাত দিন আগে সে বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন স্থানীয় লোকজনের বরাত দিয়ে জানায়, সকালে এলাকাবাসী স্কুলসংলগ্ন পুকুর থেকে দুর্গন্ধ বের হতে দেখে এগিয়ে গিয়ে দেখেন পুকুরে পানিতে লাশটি ভাসছে। বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ আলম মোল্লা জানান, ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



