টাঙ্গাইলের দেলদুয়ারে পূর্ব ঘটনার জেরে আল আমিন (২৫) নামে এক গরুর ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বেলা ১১টায় উপজেলা লাউহাটী বাজারে ঘটেছে ঘটনাটি। আল আমিন লাউহাটী গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে।
লাউহাটী ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মো: হাসমত খান ও আল আমিনের বড় ভাই জহুরুল ইসলাম জানান, শনিবার লাউহাটী উত্তরপাড়া ও চর লাউহাটী গ্রামের ছয় বখাকে যুবক দু’টি মোটরসাইকেলে লাউহাটী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সেলিম খানের বাড়ি অতিক্রম করার সময় সেলিম খানের ভাগনির পায়ের উপর মোটরসাইকেল তুলে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই মেয়ের বড় ভাই এক যুবককে চড় থাপ্পড় দেয়। পরে ২৫-৩০ জনের একটি সঙ্ঘবদ্ধ দল মুক্তিযোদ্ধা অফিসে এসে সেলিম খানের কাছে এ ঘটনার বিচার চায়। একপর্যায়ে তারা সেলিম খানকে ধাক্কা দিয়ে চেয়ার থেকে ফেলেও দেয়। সেলিম খান বিচারের আশ্বাস দিলে তারা চলে যায়। ওই ঘটনার রেশ ধরে গতকাল রোববার বেলা ১১টায় কয়েকজন আ’লীগ নেতার নেতৃত্বে চর লাউহাটী ও লাউহাটী উত্তরপাড়ার ৩০-৪০ জনের সঙ্ঘবদ্ধ দল লাউহাটী বাজারে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় এবং প্রতিপক্ষকে খুঁজতে থাকে। একপর্যায়ে তারা আল আমিনকে পেয়ে তার ওপর হামলা চালায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা আল আমিন জানান, আসাদ ও রাহাত তাকে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপায়। দায়ের কোপে আল আমিনের পিঠে, মাথা ও পেটে গভীর খতের সৃষ্টি হয়েছে। কোপ ফেরাতে গিয়ে তার ডান হাতের দু’টি আঙ্গুলও কেটে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে লাউহাটী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাসুমকে আটক করেছে পুলিশ।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে সাইদুল হক ভূঁইয়া জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।