নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধু গণধর্ষণ ঘটনার মামলায় সর্বশেষ গ্রেফতারকৃত ৩ জনের মধ্যে আবুল হোসেন ও সালাউদ্দিন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে আদালতে। অবশিষ্ট এক আসামী মুরাদ হোসেনের রিমান্ডের বিষয়ে আগামী ১০ জানুয়ারী শুনানির দিন ধার্য্য করেছে আদালত।
অন্যদিকে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিনসহ রিমান্ডে থাকা ৭ আসামীর দ্বিতীয় দিনের মত জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে বলে ডিবির এসআই জাকির হোসেন জানান। এরআগে ডিবি পুলিশের আবেদনে রবিবার নোয়াখালীর ২ নম্বর আমলি আদালতের ম্যাজিস্ট্রেট ৭ আসামীর প্রতেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৫নং জুবলি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বাসিন্দা সিএনজি চালক সিরাজ উদ্দিনের স্ত্রী ৩০ ডিসেম্বর ভোট দিতে যায়। এ সময় ১০/১৫ জন তাকে ঘিরে ধরে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য বলে। কিন্তু তিনি ধানের শীষ ভোট দেন। এ নিয়ে তাদের সাথে কথাকাটাকাটি হয়।
একই দিন রাত ১২টায় উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক রুহুল আমিনের নির্দেশে সিরাজের বাড়িতে পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে এক দল সন্ত্রাসী। সিরাজ মিয়া দরজা খুলে দিলে সন্ত্রাসী মোশারেফ, সালাউদ্দিন, সোহেল, নেঞ্জু, বেচু, জসিম, সোয়েল, কালাম, আবু, স্বপন, আনোয়ার, বাদশা আলম, হানিফ, আমির হোসেনসহ ১৫/১৬ জন সন্ত্রাসী ঘরে প্রবেশ করে সিরাজের ছেলে মেয়ে হাতপা বেঁধে তার স্ত্রীকে জোরপূর্বক ঘরের বাহিরে নিয়ে ধর্ষণ করে ফেলে চলে যায়।
এ দিকে বুধবার দুপুরে জাতীয় মানবাধিকার কমিশনের ৩ সদস্য একটি টীম ও বিকেলে চট্টগ্রাম পুলিশের ডিআইজি ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন। এ ঘটনার বিচারের দাবীতে নোয়াখালী সচেতন ছাত্র সমাজের ব্যানারে বৃহস্পতিবার দুপুরে জেলা শহর মাইজদী টাউনহল মোড়ে এক মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
গত শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, ঐক্যফ্রন্ট নেতা জেএসডি সভাপতি আঃ রব, বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ ঐক্যফ্রন্টের ১৫ নেতা নোয়াখালী জেনারেল হাসপাতালে ধর্ষণের শিকার সেই নারীকে দেখতে আসেন এবং আর্থিক অনুদান দেন।
এঘটনায় ধর্ষণ ঘটনার মুল হোতা নির্দেশকারী আমিন বাহিনীর প্রধান ও সুবর্ণচর উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক রুহুল আমিনকে বহস্পতিবার রাত ২টায় গ্রেফতার করেছে চর জব্বার থানার পুলিশ। মধ্যবাগ্যা গ্রামের মোতাহার হোসেনের ছেলে জসিমকে গত শুক্রবার ভোরে চট্রগ্রামের নাজিরহাট এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার আগে এ ঘটনায় প্রধান আসামী মো: সোহেলকে বুধবার দুপুরে কুমিল্লার বরুরার মহেশপুর একটি ইট ভাটা থেকে গ্রেফতার করেছে নোয়াখালী ডিবি পুলিশ।
মঙ্গলবার রাতে লক্ষীপুর জেলার রামগতি উপজেলা থেকে মামলার তিন নম্বর আসামী স্বপনকে(৩৫) গ্রেপ্তার করে পুলিশ। গত সোমবার মামলার ছয় নম্বর আসামী বাসুকে গ্রেপ্তার করে পুলিশ, আসামী সালাউদ্দিনকে ফেনী থেকে চর জব্বারের আটকোপালিয়া থেকে আবুল ও সেনবাগের ছাতের পাইয়া থেকে মুরাদ গ্রেফতার করে পুলিশ এ নিয়ে এজাহারভুক্ত ৮ জনকে এবং নির্দেশ প্রদানকারীসহ মোট ১০ জন গ্রেফতার হলো ।



