চিরিরবন্দরে নিজের গায়ের সোয়েটার গলায় পেঁচানো অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা করেছে পুলিশ। গত শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সাতনালা ইউনিয়নের জোত সাতনালা গ্রামের পণ্ডিতপাড়ার পাশে রাস্তার ধারে লিচু বাগান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত সাইমুর রহমান (২৩) উপজেলার ঈসবপুর ইউনিয়নের দক্ষিণ নগর মাঝাপাড়া গ্রামের ডা: নজরুল ইসলামের মেঝপুত্র ও দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি সম্মান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
চিরিরবন্দর থানার এসআই বাদশা জানান, লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা এলাকাবাসীর। সাইমুরের লাশ উদ্ধারের পর তার প্রেমিকা পরিবারের সদস্যসহ পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।