জেলার ভাঙ্গা উপজেলা ছাত্রলীগ সভাপতি লুৎফর রহমান মোল্লাকে (৩২) দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী পিস্তল ও ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। সোমবার রাতে তাকে ভাঙ্গার চালপট্টি থেকে ডিবি পুলিশের একটি দল আটক করে।
ফরিদপুরের এএসপি (ভাঙ্গা সার্কেল) রবিউল ইসলাম জানান, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ৯ টা ১৫ মিনিটের দিকে চালপট্টি থেকে লুৎফর রহমান মোল্লাকে আটক করা হয়। এ সময় তার প্রাইভেট কারের (ঢাকা মেট্রো- ম- ০০- ০৪৩৪) সিটের নিচে লুকিয়ে রাখা ২০০ পিস ইয়াবা, দুই রাউন্ড গুলি ও একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। রাতেই লুৎফরকে ফরিদপুরের ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়। তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ডিবি পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র জানায়, দীর্ঘ দিন যাবৎ লুৎফর এলাকায় প্রকাশ্যে ইয়াবা ও ফেনসিডিলের মাদক বিক্রি করে আসছিল বলে এলাকাবাসীর নিকট থেকে অভিযোগ ছিল। এ কারণে নির্বাচন ও পরবর্তী সময়ে লুৎফরকে ধরতে বিভিন্ন বাহিনী নজরে নজরে রাখে। অবশেষে সোমবার রাতে ডিবি পুলিশের হাতে অস্ত্র ও ইয়াবা বিক্রির সময়ে তাকে হাতে নাতে আটক করা হয়।
ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী এলাকার মোহরার মৃত গিয়াসউদ্দিন মোল্লার ছেলে লুৎফর মোল্লা ভাঙ্গা কে এম কলেজের ছাত্র ছিল। তবে সে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেনি বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, তার বিরুদ্ধে নিরীহ মানুষকে নির্যাতন ও অত্যাচার, ফ্লাট ও জায়গা দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানান তারা।