নিখোঁজের পর এক সপ্তাহ পার হয়ে গেলেও উদ্ধার হয়নি লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর চৌমুহনী ফয়েজে আম সিনিয়র মাদ্রাসার এক দাখিল পরীক্ষার্থী। নিখোঁজ এই দাখিল পরীক্ষার্থীর নাম জান্নাত আক্তার।
নিখোঁজ হওয়ার পর জান্নাত আক্তারের বাবা গত ১০ জানুয়ারী রামগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন। কিন্তু রামগঞ্জ থানা পুলিশ এখনো রয়েছে অন্ধকারে। এদিকে একমাত্র মেয়ের খোঁজে ও অজানা আশঙ্কায় বাবা-মাসহ জান্নাতের নিকটাত্মীয়রা হতাশায় রয়েছেন বলে জানা গেছে।
নিখোঁজ দাখিল পরীক্ষার্থীর বাবা আবু বকর জানান, গত ১০ জানুয়ারী বৃহস্পতিবার কোচিং ক্লাশের কথা বলে ঘর থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে জান্নাত আক্তার নিখোঁজ হন। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও গত এক সপ্তাহেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, মেয়ের খোঁজে রামগঞ্জ থানায় গত ১১ জানুয়ারী সাধারণ ডায়েরী (জিডি) করা হলেও এক সপ্তাহ পরও আমার মেয়ে উদ্ধার না হওয়ায় আমরা অপহরণের আশঙ্কা করছি।
এ ব্যাপারে রামগঞ্জ থানার এএসআই ও তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আমরা স্থানীয়ভাবে তদন্ত করেছি। দুই একজনকে জিজ্ঞাসাবাদও করেছি কিন্তু কোনো সন্ধান পাইনি। তবে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জানার চেষ্টা চলছে যে, মেয়েটি সর্বশেষ কার সাথে কথা বলেছে।








