রাজশাহীর বাগমারা উপজেলার পীরগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ তিন শিক্ষকের এমপিও সাময়িকভাবে বাতিল করা হয়েছে। সিআইডির তদন্তে অভিযোগ প্রমাণ হওয়ায় তাদের এমপিও বাতিল করা হলো মর্মে কারিগরি শিক্ষা অধিদফতরের পরিচালক ওহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি গত মঙ্গলবার কলেজের সভাপতি বরাবর পাঠানো হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিটি সচিব, কারিগরি শিক্ষা বিভাগ ও অতিরিক্ত সচিব কারিগরি অনুবিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে।
চিঠি সূত্রে জানা যায়, বাগমারার পীরগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আজিজ, বাংলা প্রভাষক আনিছুর রহমান ও সহকারী লাইব্রেরিয়ান সাইফুল ইসলামের বিরুদ্ধে অবৈধ নিয়োগ ও জাল সনদে চাকরিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে জাঙ্গালপাড়া গ্রামের মোজাম্মেল হক গত বছরের ২৩ নভেম্বর আদালতে একটি মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে রাজশাহীর সিআইডি পুলিশ পরিদর্শক মোস্তাক আহম্মেদ তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত মর্মে আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন। এ ছাড়া অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ তিন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় তাদের এমপিও বাতিলের জন্য সংশ্লিষ্ট কারিগরি শিক্ষা অধিদফতরে তদন্ত প্রতিবেদনসহ একটি আবেদন করেন।
কারিগরি শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক জহুরুল ইসলাম বলেন, সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ ওই তিন শিক্ষকের এমপিও সাময়িকভাবে বাতিল করা হয়েছে।