সেনবাগের চিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আড়াই শতক জমি উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক গাজী তুহিন আফরোজ কর্তৃক অবৈধ দখলের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ, স্কুল মাদরাসার ছাত্রছাত্রী, শিক্ষক ও স্থানীয় জনতা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
গত রোববার স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ সভাপতি সোলেমান মজুমদারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন স্কুল কমিটির সভাপতি জসিম উদ্দিন মিলন, স্কুলের প্রধান শিক্ষক জালাল আহম্মদ, ছাতারপাইয়া ইউনিয়ন যুবলীগ সেক্রেটারি ও স্কুল কমিটির সহসভাপতি আবুল হোসেন মোল্লা, ৩ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি নাছির উদ্দিন, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাস্টার জয়নাল আবেদিন, স্কুল কমিটির সদস্য আব্দুল মালেক, সদস্য নাজমা বেগম, আবদুল খালেক মাস্টার ও আবদুর রহিম প্রমুখ।
বক্তারা সাংবাদিকদের বলেন, তিন দিন আগে উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক গাজী তুহিন আফরোজ স্কুলের পেছনে আড়াই শতক ভূমি জোরপূর্বক মাটি ভরাট করে দখলে নেয়। স্কুলের জমি রক্ষায় দু’টি প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গ্রামবাসী বাধা দিলে দু’গ্রুপে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে প্রতিবাদ জানান। অবৈধ দখলদারিত্ব অবসানের বিষয়টি এলাকাবাসী উপজেলা ও থানা প্রশাসনকে জানালে পুলিশ এবং তহসিলদার ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
মানববন্ধনকালে যুব মহিলা লীগ নেত্রী তুহিন আফরোজের মা গাজী শাহিন স্কুল মাঠে মাটি ভরাট ও দখলের বিষয়টি নিশ্চিত করে বলেন, উচ্ছেদ করলে সব অবৈধ দখলদারকে উচ্ছেদ করতে হবে। ঘটনাকে কেন্দ্র করে যেকোনো মুহূর্তে দু’গ্রুপে সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।



