ফেনী শহরতলীর কালিদহ ইউনিয়নের আলোকদিয়া রাস্তার পাশে শুক্রবার ভোরে পড়ে থাকতে দেখা যায় এক অজ্ঞাত লাশ। সারাদেহে ছুরিকাঘাতের চিহ্ন। পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। খবরটি ছড়িয়ে পড়লে বিকালে বড় ভাই মো: হানিফ মর্গে এসে লাশটি শনাক্ত করেন। নিহত ব্যক্তি মো: এয়াছিন (৩০)। তিনি পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড উপজেলাধীন লামকু পাড়ার মো: আবদুল আলিমের ছেলে।
ভাই হানিফ জানায়, ১০ বছর আগে এয়াছিন নিখোঁজ হয়। এতদিনে তিনি কোথায় ছিলেন তা জানতো না পরিবারের সদস্যরা। এখানে এসে জেনেছেন তিনি ছাগলনাইয়ায় একটি ডেকোরেটরের সঙ্গে কাজ করতো।
ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মৃতদেহ উদ্ধারের পর ডেকোরেটরের বয় মাঝির মাধ্যমে তার পরিবারের খোঁজ মিলে। তিনি দীর্ঘদিন ছাগলনাইয়ায় বসবাস করছেন। খবর পেয়ে বড় ভাই মর্গে এসে লাশ শনাক্ত করেন। শনিবার ময়নাতদন্তের কথা রয়েছে। তবে কী কারণে এয়াছিনের এ পরিণতি পুলিশ তা খতিয়ে দেখছে।



