সেনবাগের কাদরা ইউনিয়নের মগুয়া গ্রামে তাসলিম সুলতানা ইপু (১৯) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর স্বামী ওমান প্রবাসী নজরুল ইসলাম। সে কাদরা ইউপির মগুয়া গ্রামের নওয়াব আলীর ছেলে।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর নামাজী ব্যাপারী বাড়ীর ইব্রাহিম খলিল দুলালের মেয়ে।
খবর পেয়ে সেনবাগ থানার এসআই গৌর সাহা রাত ৮টায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর শ্বশুর নওয়াব আলীকে (৬০) জিজ্ঞাসাবাদ শেষে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ।
গৃহবধূর ভাই এমরান রাত ১১টায় জানান, তার বোন ইপুর ৮ মাস আগে দুপক্ষের সম্মতিতে ৫ লাখ টাকা দেনমোহরে পারিবারিকভাবে বিয়ে হয়েছিলো। বিয়ের দুমাস পর স্বামী নজরুল ইসলাম ওমান চাকরিতে যোগদান করে। ইপু ১০ থেকে ১২ দিন আগে পিতার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যায়। রোববার সন্ধ্যায় তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। বিষয়টি রহস্যজনক বলে তিনি মনে করেন।
এমরান আরো জানান, তার সদ্যবিবাহিত বোন ইপুর সঙ্গে স্বামীর পরিবার পরিজনের টানাপোড়ন ছিলো। এ ঘটনায় ইপুর পিতা ইব্রাহিম খলিল দুলাল বাদী হয়ে সেনবাগ থানায় অভিযোগ দাখিল করেছেন।
তবে কি কারণে ইপু আত্মহত্যার পথ বেছে নিয়েছে তার কারণ জানা যায়নি।
রাতে সেনবাগ থানার ওসি মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্ত রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়া হবে। গৃহবধূর মোবাইল ফোন জব্দ করা হয়েছে।



