শিক্ষার কোনো বয়স নেই, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণের কোনো বিকল্প নেই, এসব কথা নিজের মনে লালন করে এবং বয়সটাকে তুচ্ছ করে এ বছর দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করছেন পঞ্চাশোর্ধ শফিকুল ইসলাম। মেয়ে অনার্সের শিক্ষার্থী হলেও অনেকটা নাতি-নাতনীর বয়সীদের সাথে পরীক্ষা কেন্দ্রে বেশ উদ্যম ও প্রাণচাঞ্চল্যের সাথে দেখা যাচ্ছিল ওই পরীক্ষার্থীকে। এ বছরের দাখিল পরীক্ষায় ২ ফেব্রুয়ারি বগুড়ার শেরপুরের শালফা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে দেখা যায় পঞ্চাশোর্ধ্ব শফিকুল ইসলামকে।
জানা যায়, ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের চান্দিয়াড় গ্রামের মৃত সোনাউল্লাহ শেখের ছেলে শফিকুল ইসলাম নিজেকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে শেরপুর উপজেলার হাপুনিয়া দাখিল মাদরাসা থেকে লেখাপড়া করে এ বছর দাখিল (ভোকেশনাল) পরীক্ষা দিচ্ছেন। তার রেজি নং ১৬৩৯১৫, রোল নং ৩০৩৪৪৩।
পরীক্ষার্থী শফিকুল ইসলাম জানান, পারিবারিক জীবনে আমার তিন মেয়ের মধ্যে বড় মেয়ে শেরপুর টাউনক্লাব মহিলা কলেজে অনার্সে অধ্যয়নরত, মেজো মেয়ে ধুনট উপজেলার বিশ্বহরিগাছা কলেজে অধ্যয়নরত এবং ছোট মেয়েও স্কুলে লেখাপড়া করে। পারিবারিকভাবে সবাই শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে, তাহলে আমি কেন শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকব। তাই তাদের অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে আমি শিক্ষাজীবন শুরুর পর্যায়ে এ বছর দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করছি। কেন্দ্রসচিব অধ্যক্ষ ইউসুফ আলী বলেন, এ কেন্দ্রে ২১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ বছর বয়সী শফিকুল ইসলামের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ সমাজের অনেক স্বল্পশিক্ষিত মানুষকে অনুপ্রেরণা জোগাবে।