বৃহস্পতিবার সাভারে তুরাগ নদীতে জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে এক মাদরাসার ছাত্রসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় জাহাজটিকে আটক করা হয়েছে। দুর্ঘটনার শিকার ট্রলারটি বাকশাতরা এলাকা থেকে কাউন্দিয়ার শিন্নিরটেক যাওয়ার সময় দিয়াবাড়ী এলাকায় পৌছলে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার সাতকানতলী গ্রামের মহিউদ্দিন ব্যাপারীর ছেলে মাদরাসার ছাত্র তৌহিদুল ইসলাম (১২) এবং নেত্রকোনা জেলার সদর থানার পলাশহাটি গ্রামের মৃত শাহাদাত আলীর ছেলে ইসলাম উদ্দিন (৪৫)। নিহত ইসলাম উদ্দিন বৃহস্পতিবার নেত্রকোনা থেকে কাউন্দিয়া এলাকার ভাগ্নের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। কিন্তু সেখানে পৌছানোর আগেই দুর্ঘটনায় পড়ে পানিতে ডুবে মারা যান তিনি।
থানা পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে একটি ট্রলার কয়েকজন যাত্রী নিয়ে বাকশাতরা এলাকা থেকে কাউন্দিয়ার শিন্নিরটেকে যাওয়ার সময় দিয়াবাড়ী নামক স্থানে একটি জাহাজ ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি তলিয়ে যায়। এ ঘটনায় কয়েকজন যাত্রী সাথে সাথে সাঁতরে তীরে উঠে গেলেও মাদরাসার ছাত্র তৌহিদ ও ইসলাম উদ্দিন নিখোঁজ হয়। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে টঙ্গী থেকে তিন সদস্যের একটি ডুবুরী দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে। পরে ডুবুরী দল তুরাগ নদীতে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার করে। বাকিরা ট্রলার ডুবির পরপরই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।
কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান খান শান্ত বলেন, কাউন্দিয়া-শিন্নিরটেক ব্রীজটি না হওয়ায় প্রতি বছর এভাবে মানুষের প্রাণহানী হচ্ছে। তিনি আরো বলেন, লাশ ২টি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সাভার মডেল থানার এসআই প্রাণ কৃষ্ণ অধিকারী বলেন, এ ঘটনায় আটক জাহাজের চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






