মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী এলাকায় অতিরিক্ত মদপানে বাল্মিকি সম্প্রদায়ের দুই বোনসহ তিন নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া অপর আরেক ব্যক্তি অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চামেলী, চায়না ও জোসনা নামে তিন নারীর মৃত্যু হয়। নিহত চামেলী ও চায়না আপন বোন। অপর নিহত জোসনা তাদের ফুফু। তাদের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ গ্রামে।
গজারিয়া থানার ওসি মোহাম্মদ হারুন-অর-রশিদ দুই বোনসহ তিন নারীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হোসেন্দী এলাকার খান শিপইয়ার্ডে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন চামেলী ও তার স্বামী মন্টু। স্বামী-স্ত্রী দুইজনই ওই শিপইয়ার্ডে বসবাস করতেন। গত শুক্রবার চামেলীর বোন চায়না ও পিসি জোসনা বেড়াতে আসেন। এরপর রাত ১১টায় সবাই মদপান করেন।
রাত ১২টায় তারা অসুস্থ হয়ে পড়লে তাদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানকার ডাক্তার আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় দুই বোন চামেলী ও চায়না মারা যান। দুই ঘণ্টা পর দুপুর ১২টায় মারা যান তাদের ফুফু জোসনা। নিহত চামেলীর স্বামী মন্টুর অবস্থা আশঙ্কাজনক।