দিনাজপুরের চিরিরবন্দরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনায় চিকিৎসাধীন থাকাবস্থায় আব্দুল বারী (৫০) নামে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
গত ৫ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ১২টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের ভজুপাড়ার পাশে আলুক্ষেতে এ ঘটনা ঘটে। বর্তমানে আব্দুল খালেক ও আব্দুল বারীর ছেলে মুসা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
স্থানীয়রা জানান, চিরিরবন্দরে জমি নিয়ে বিরোধের জের ধরে নান্দেড়াই গ্রামের মৃত ধনিবুল্লাহর ছেলে আব্দুল গনি ও আব্দুল বারী নামে আপন দুই ভাইয়ের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত হলে উভয়পক্ষের চারজন গুরুতর আহত হয়। আব্দুল গনির ছেলে আব্দুল ওয়াদুদের উপর্যুপরি ছুরির আঘাতে আব্দুল বারী পক্ষের আব্দুল খালেক নামে একজনের পা বিচ্ছিন্ন হয়ে যায়।
এ ছাড়াও আব্দুল বারী ও তার স্ত্রী আকতার বানু ও ছেলে মুসা ছুরির আঘাতে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৮টায় আব্দুল বারীর মৃত্যু হয়।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ হারেসুল ইসলাম জানান, ওই ঘটনায় গত ৫ ফেব্রুয়ারি আহেদুল বাদি হয়ে আব্দুল গনি ও তার ছেলে আব্দুল ওয়াদুদ (৪৫), আব্দুল কুদ্দুস (৪২), আব্দুস সালাম (৩৫), আবুল কালাম (২৬), মতিউর রহমান (২২) এবং মেয়ে ফাতেমা (২০), নুর বেগম (১৯), তহমিনা (১৮) ও বুলবুলি (১৭) সহ ১১ জনের নামে মামলা হয় (নং-৩)। মামলা অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।