আর কয়েক বছর পর স্মৃতির পাতা থেকে হয়তো হারিয়ে যাবে ইছামতি নদী। স্থানীয় লোকজন স্মৃতি রোমন্থন করতে গিয়ে বলবেন, ‘এইখানে এক নদী ছিল...’।
কালের আবর্তনে মরে গেছে সিরাজগঞ্জের কাজিপুরের ইছামতি নদী। পানিশূন্য হয়ে পড়ায় নদীর বুকে আবাদ হচ্ছে বিভিন্ন ফসলের। স্থানীয়রা জানান, আগে ঘর থেকে বের হলেই শোনা যেত নদীর কলকল ধ্বনি। রঙ-বেরঙের পালতোলা নৌকার দৃশ্যে মুগ্ধ করত আগন্তুকদের। মাঝি-মাল্লার ভাটিয়ালী গানে মুখরিত থাকত নদী। দিনভর মানুষের পদভারে জমজমাট থাকত নদীর ঘাটগুলো। সবই এখন স্মৃতি। কাজিপুরের পশ্চিম সীমান্তে নদীর বুকজুড়ে এখন সবুজের সমারোহ। লোকজন জবরদখল করে ফসল আবাদ করছে। নদী শুকিয়ে যাওয়ার কারণে বেকার হয়ে পড়েছেন এলাকার শত শত মৎস্যজীবী।