মানুষের ইঙ্গিত ও আচরণ অনুকরণের ক্ষেত্রে বানরের অনেক গল্প-কাহিনী রয়েছে। তবে মানুষের ফাঁসির দৃশ্য অনুকরণ করে ইতঃপূর্বে কোনো বানর দড়িতে ঝুলে আত্মহত্যা করেছে এমন খবর কেউ শোনেনি। শিবালয়ের পাশের হরিরামপুর উপজেলার মাচাইন গ্রামের ধনাঢ্য ব্যবসায়ী কালাচাঁদ কর্মকারের বাড়ির পাশের বাঁশঝাড়ে গতকাল এমন ঘটনাই ঘটে।
জানা গেছে, গত কয়েক দিন এ এলাকায় বড় আকারের একটি বানরকে চলাফেরা করতে দেখে অনেকেই। গতকাল সকালে বাঁশঝাড়ের মধ্যে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখে উৎসুক জনতা ভিড় জমায়। স্থানীয় বাসিন্দা রাজ কুমার পোদ্দার জানান, ডেকোরেটরের কাজে ব্যবহৃত পরিত্যক্ত নাইলন রশি গলায় পেঁচানো অবস্থায় দেখতে পাওয়া যায় বানরটিকে। বিষয়টি জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করা হয়। দ্রুত খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমায়। বানরের এমন আচরণের কারণ নিয়ে সর্বমহলে কৌতূহলের সৃষ্টি হয়েছে।