আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা পেতে যাচ্ছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম। তিনি সানজী গ্রুপের চেয়ারম্যান, মেঘনা ব্যাংকের পরিচালক ও বীর বিক্রম শহীদ তরিক উল্লাহ ফাউন্ডেশন ও যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশের সভাপতি।
ইতোমধ্যে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে লায়ন জাহাঙ্গীর আলম মানিক, আতাউর রহমান ভূঁইয়া মানিক ও জাফর আহম্মদ চৌধুরীর নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। সেনবাগের সর্বত্র গুঞ্জন শুরু হয়েছে বীর বিক্রম তরিক উল্লার সন্তান লায়ন জাহাঙ্গীর আলম মানিকই পাচ্ছেন নৌকা প্রতীক। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পর লায়ন জাহাঙ্গীর আলম মানিক নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মী, সাধারণ লোকজন ও ভোটারদের সাথে সাক্ষাৎ ও গণসংযোগ করে যাচ্ছেন।
লায়ন জাহাঙ্গীর আলম ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটে পরাজিত হন।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাঠে রয়েছেন সেনবাগ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নুরজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক শওকত হোসেন কানন প্রমুখ।



