মিনি ট্রাক ও রিকশায় পোস্টার লাগিয়ে চলছে মাইকিং। পরিচিত গানের সুরে চাওয়া হচ্ছে ভোট। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। গত ২৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ হওয়ার পর পুরো এলাকা পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। প্রার্থীদের প্রচারণায় মুখর উপজেলা। ভোট চাইতে ভোটারদারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। নিজের পরিচিতি ও নানা প্রতিশ্রুতি তুলে ধরে ভোটারদের কাছে বিতরণ করছেন লিফলেট। আগামী ১৮ মার্চ চিরিরবন্দর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চিরিরবন্দরে চেয়ারম্যান কে হবেন, কেমন কাজ করবেন, কাকে ভোট দেবে জনগণ এসবই এখন এলাকাবাসীর জল্পনা-কল্পনা।


দিনভর চলছে মাইকিং, ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ আহসানুল হক মুকুল (নৌকা) এবং স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম তারিক (আনারস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ আজিমদ্দীন গোলাপ (টিয়াপাখী), আব্দুল্লাহ আল মামুন (মাইক), উমর ফারুক (উড়োজাহাজ), জ্যোতিষ চন্দ্র রায় (তালা), শহীদুল ইসলাম (চশমা), আবু সাঈদ কাজী (টিউবওয়েল) ও সুমন দাস (বৈদ্যুতিক বাল্ব) প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায় (কলস), লায়লা বানু (প্রজাপতি) ও বেলী আরা (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলার নশরতপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা সাবেরউদ্দিন ও ওবায়দুর রহমান বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে তত প্রচারণা বাড়ছে। সারা দিন শুধু মাইক বাজে। প্রার্থীরা এসে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। আমারা সাধারণ ভোটাররা শুধু তাদের কথা শুনে যাচ্ছি। তবে আমাদের কাছে যাকে যোগ্য মনে হবে, যিনি এলাকার জন্য কাজ করবেন তাকেই ভোট দেবো।