যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে সাথী দাস (৪০) নামে এক মহিলার করুণ মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পৌর শহরের ইছাপুর ঋষিপাড়ায়।
জানা যায়, সাথী দুই সন্তানের জননী ও একটি বেসরকারি হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। তিনি শহরের ইছাপুর ঋষিপাড়ার অধীর দাসের স্ত্রী। তিনি নিজবাড়িতে বিদ্যুতায়িত হন।
নিহতের স্বামী অধীর দাস জানান, তার স্ত্রী হাসপাতালের ডিউটিতে যাওয়ার জন্য প্রতিদিনের মত সকালে বাড়ির কাজ করছিলেন। এ সময় পাড়ায় নামযজ্ঞ অনুষ্ঠানের জন্য নেয়া বিদ্যুতের সাইডলাইনের তারে বিদ্যুতায়িত হন।
তিনি আরো বলেন, আমাদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে চৌগাছা মডেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আওরঙ্গজেব বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার এসআই আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।








