টাঙ্গাইলের কালিহাতীতে ডিবি পুলিশ সেজে এক ব্যবসায়ীকে অপহরণকালে তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- ভোলার নূর ইসলামের ছেলে মাসুদ মিয়া, নীলফামারীর ইউসুফের ছেলে আনোয়ার হোসেন ও মুক্তার হোসেন। এদের মধ্যে মুক্তার হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কাছ থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারসহ ৩০ হাজার টাকা, একটি খেলনা পিস্তল, একটি ওয়াকিটকি, এক জোড়া হ্যান্ডকাপ, ডিবি লেখা জ্যাকেট উদ্ধার করা হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন নয়া দিগন্ত অনলাইনকে বলেন, কালিহাতীর বিলপালিমা গ্রামের ধান ব্যবসায়ী রহিজ উদ্দিন মঙ্গলবার দুপুরে রূপালী ব্যাংক এলেঙ্গা শাখা থেকে টাকা উত্তোলন করে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। তিনি টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের শ্যামপুর ব্রিজের নিকট পৌঁছলে একটি সাদা প্রাইভেটকার থেকে দুই ব্যক্তি নেমে তার নাম-পরিচয় জানতে চান।
তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে ভ্যান থেকে নামিয়ে হাতকড়া পরিয়ে প্রাইভেটকারে ওঠায়। এরপর চোখ বেঁধে দ্রুত বঙ্গবন্ধু সেতুর দিকে যেতে থাকে।
গাড়িটি বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ের গোলচত্বর এলাকায় পৌঁছলে রহিজ উদ্দিনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে প্রাইভেটকার রেখে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। এ সময় আপেল নামে আরেকজন ভুয়া ডিবি পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।






