ঢাকার দোহার উপজেলায় পারিবারিক কলহের জেরে বিষপানে শারমিন আক্তার (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। শারমিন আক্তার নারিশা ইউনিয়নের নারিশা পশ্চিমচর গ্রামের শুকুর মাদবরের মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে শারমিন আক্তার কিটনাশক পান করে। এক পর্যায়ে বিষক্রিয়া দেখা দিলে তাকে মুমূর্ষু অবস্থায় দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণের নির্দেশ দেয়। ঢাকা নেওয়ার পরই তার মৃত্যু হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক শুকুর মাতবরের এক আত্নীয় নামপ্রকাশে অনিচ্ছুক বলেন, গত দেড় বছর আগে শারমিনের সাথে নবাবগঞ্জের বাসিন্দা প্রবাসী লোকমান নামে এক যুবকের সাথে বিবাহ আবদ্ধ হয়। বিয়ের কিছু দিন পর লোকমান দেশের বাহিরে চলে গেলে শারমিনের সাথে তার শ্বশুর বাড়ির লোকজনের সাথে ঝগড়া বিবাদ লেগে থাকে।
এরই জের ধরে গত রোববার শারমিন ও তার স্বামীর মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। শারমিনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এই বিবাহের বিচ্ছেদ ঘটানোর কারনে শারমিন আত্মহত্যার পথ বেছে নেয় বলে তিনি জানান।
দোহার থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মোঃ হামিদুর রহমান জানান, এ বিষয়ে কোন তথ্য তার জানা নেই বা থানায় কেউ অভিযোগ করেনি।



