ঢাকার দোহার উপজেলায় পারিবারিক কলহের জেরে বিষপানে শারমিন আক্তার (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। শারমিন আক্তার নারিশা ইউনিয়নের নারিশা পশ্চিমচর গ্রামের শুকুর মাদবরের মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে শারমিন আক্তার কীটনাশক পান করেন। মুমুর্ষু অবস্থায় তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার জন্য বলেন। ঢাকা নেয়ার পরই তার মৃত্যু হয়।
শুকুর মাদবরের এক আত্মীয় (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, দেড় বছর আগে শারমিনের সাথে নবাবগঞ্জের বাসিন্দা প্রবাসী লোকমানের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর লোকমান দেশের বাইরে চলে গেলে শারমিনের সাথে তার শ্বশুরবাড়ির লোকদের ঝগড়া-বিবাদ শুরু হয়। এরই জেরে রোববার শারমিন ও তার স্বামীর মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। শারমিনের ইচ্ছার বিরুদ্ধে এই বিচ্ছেদ ঘটানোর কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে তিনি জানান।
দোহার থানার ডিউটি অফিসার এসআই হামিদুর রহমান জানান, এ বিষয়ে কোনো তথ্য তার জানা নেই বা থানায় কেউ অভিযোগ দেয়নি।