সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সবচেয়ে ব্যস্ত সোনামুখী বাজারের ড্রেনের পানি উপচে রাস্তায় উঠে পড়েছে। এ কারণে বাজারের ব্যবসা-বাণিজ্য বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। ওই বাজারের ব্যবসায়ী আব্দুর রাজ্জাক জানান, ‘কয়েক বছর আগে বাজারের পানি নিষ্কাশনের লক্ষ্যে ড্রেন নির্মাণ করা হয়। কিন্তু সেই ড্রেন এখন অকেজো হয়ে পড়েছে। ড্রেনের মুখ প্রায় বন্ধ হয়ে গেছে। সময়মতো সংস্কার না হওয়া এবং বাজারের পরিধি বৃদ্ধি পাওয়ায় ড্রেন আর কাজে আসছে না। ফলে শুষ্ক মওসুমেও ড্রেনের পানি বাজারে সড়কে উঠে যায়।’ সোনামুখী বাজারের ওষুধ ব্যবসায়ী আবুল কালাম আজাদ জানান, ‘এখনই পদক্ষেপ না নিলে বর্ষা মওসুমে পুরো বাজার পানিতে তলিয়ে যাবে।’