ঢাকার দোহার উপজেলায় মিনি কক্সবাজারখ্যাত মৈনট ঘাটের পদ্মা নদীর পানিতে ডুবে মো: রবিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে মৈনট ঘাটের পদ্মা নদী থেকে এক দিন পর লাশ উদ্ধার করা হয়। রবিন ঢাকার জুরাইন এলাকার মো: রফিক হোসেনের ছেলে।
রবিনের বাবা জানান, শুক্রবার সকালে পিকনিকের উদ্দেশ্যে রবিন তার ৪০ বন্ধুর সাথে দোহারের মৈনট ঘাটে যায়। দিন শেষে বিকেল সাড়ে ৪টার সময় রবিনের বন্ধুরা আমাকে ফোন দিয়ে বলে পদ্মায় গোসল করতে নেমে সবাই উঠলেও রবিন ওঠেনি। আশপাশে খোঁজ করেও রবিনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে আমি সাথে সাথে রওনা দিয়ে রাত ৯টার সময় মৈনট ঘাটে যাই। সারা রাত ও সকালে মাহমুদপুর ফাঁড়ির পুলিশ ও দোহার ফায়ার সার্ভিস কর্মকর্তাদের নেতৃত্বে ডুবুরী দল এসে প্রায় ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পানি থেকে রবিনের লাশ উদ্ধার করে। পরে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
রবিন তার বাবা-মায়ের একমাত্র সন্তান। সে একজন মোটর মেকানিক বলে জানান তার বাবা রফিক হোসেন। এ দিকে একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছেন রবিনের মা।