সুনামগঞ্জে জয়নাল আবেদীন (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত জয়নাল আবেদীন উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মো: মুসলিম উদ্দিনের ছেলে এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

এ ঘটনায় নিহতের দোকান কর্মচারীসহ সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, জাহাঙ্গীর নগর ইউনিয়নের একই গ্রামের মানিক মিয়ার ছেলে মো: সেলিম মিয়া (২৬), মো: ফেরদৌস মিয়ার ছেলে মো: সাগর মিয়া (১৭), একই গ্রামের ডা: মোতালিবের ছেলে শাহিন শাহ (৪০) ও নিহতের কর্মচারী জেলার জগন্নাথপুর উপজেলার মো: রবি মিয়া (২৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টায় নিহত জয়নাল আবেদীন তার গ্রামের পাশে নিজ দোকানে ঘরের জন্য প্রয়োজনীয় পণ্য নিতে এলেও তিনি রাতে আর বাড়ি ফিরে যাননি। দুবৃর্ত্তরা রাতে তাকে নিজ দোকানের সামনে থেকে তুলে নিয়ে একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ধোলাইপাড় ত্রিমুখী রাস্তার পাশে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে রাস্তায় ফেলে যায়।

আজ মঙ্গলবার ভোরে ধোলাইপাড় ত্রিমুখী রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সুনামগঞ্জ পুলিশ লাশটি উদ্ধার করে।

পরিবারের সদস্যদের অভিযোগ, পূর্ববিরোধ বা সম্প্রতি উপজেলা নির্বাচন পরবর্তী আটককৃতদের সাথে রাজনৈতিক মতবিরোধকে কেন্দ্র করেই এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটতে পারে বলে তাদের ধারণা। তারা এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো: বরকতুল্লাহ খান হত্যাকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে।