মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বালুয়াকান্দি ডা: আবদুল গফফার স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক বছির উল্লাহকে মারধর ও তার অফিস কক্ষে ভাঙচুর, লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এক অভিভাবক তপন মিয়া ও তার ভাতিজা রায়হানের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক বাদি হয়ে গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রায়হান বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তার চাচাতো বোনকে অন্যত্র ভর্তি করানোর জন্য প্রধান শিক্ষকের কাছে টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) নিতে এলে প্রধান শিক্ষক সংশ্লিষ্ট শিক্ষার্থীকে উপস্থিত করতে বলেন, রায়হান বাড়ি ফিরে গিয়ে শিক্ষার্থীর অভিভাবক (বাবা) তপন মিয়াকে নিয়ে এসে দুজন মিলে প্রধান শিক্ষককে মারধর করে তার অফিস কক্ষে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।
শিক্ষার্থীরা ধাওয়া করলে তপন ও রায়হান পালিয়ে যায়। রায়হানের ফেলে যাওয়া মোটরবাইকটি ক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাঙচুর করে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভাঙা বাইকটি উদ্ধার করে।
প্রধান শিক্ষক দাবি করেন, ওই দুজন তাকে মারধর করে তার পকেটে থাকা আড়াই হাজার টাকা কেড়ে নেয় এবং অফিস কক্ষে ভাঙচুর ও হামলা করে।