৩১ মার্চ চতুর্থ দফা উপজেলা নির্বাচনকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ। সোমবার বিকেলে নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর, তিতপালদিয়া, বালেঙ্গা বাজার, শিকারীপাড়া, দাউদপুর, যন্ত্রাইলসহ প্রায় ১০টি স্থানে আনারস প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি বলেন, আপনাদের ভালোবাসা নিয়ে নির্বাচনে এসেছি। গত নির্বাচনে আপনারা দেখেছেন আমাকে কিভাবে পরাজিত করা হয়েছিল। আপনারা আমার শক্তি, আপনারা আমার পাশে থাকলে এবার আর কেউ রুখতে পারবে না। তিনি আরো বলেন, অনেকে আমাকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বলছেন, প্রকৃত পক্ষে আমি বিদ্রোহী নই, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়াই করছি।