সাতক্ষীরার কলারোয়ায় সাবিনা খাতুন (২৭) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে তার স্বামী রিপন হোসেন পলাতক রয়েছে। নিহত গৃহবধূ যশোর জেলার সামটা গ্রামের ইসমাইল গাজীর মেয়ে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রামভদ্রপুর গ্রামে। খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।
নিহতের ভাই আবুল কাশেম , তার বোন সাবিনা খাতুনের সাথে কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের জিয়াদ আলীর ছেলে রিপনের ১০-১২ বছর আগে বিয়ে হয়। রিপন প্রায় সময়ই যৌতুকের জন্য তার বোনকে মারপিট করত। শুক্রবার রাতে কোনো কারণ ছাড়াই তার বোনকে লাঠি দিয়ে পিটিয়ে ও গলা চেপে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করে। পরে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে তার বোনকে উদ্ধার করে স্থানীয় গযড়া বাজারের ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার ডাক্তার উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পথেই তার মৃত্যু হয়। কলারোয়া থানার ওসি মনিরুজ্জামান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে। কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।