পাবনার সাঁথিয়া উপজেলার ছোট পাথালিয়াহাট গ্রামের মাঠে পেঁয়াজ কুড়ানোর সময় বজ্রপাতে শাকিল হোসেন (৯) ও রঞ্জিতা খাতুন (৮) নামের দুই শিশু নিহত হয়েছে।
এদিকে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় একই উপজেলার আমাইকোলা গ্রামের তিন শ্রমিক নিখোঁজ রয়েছেন। পৃথক দুটি ঘটনা ঘটেছে রোববার বিকেলে।
নিহতদের পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথালিয়াহাট গ্রামের শাহিন হোসেনের ছেলে শাকিল হোসেন একই গ্রামের আবুল কালামের মেয়ে রঞ্জিতা খাতুন রোববার বিকেল ৫টার দিকে বাড়ির পাশে মাঠে পেঁয়াজ কুড়াতে যায়। বিকেল সাড়ে ৫টার দিকে ঝড়ো হওয়া ও বজ্রবৃষ্টি শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই দুজন মারা যায়।
এদিকে, আমাইকোলা গ্রামের মানিক বাবুর নৌকা নারায়ণগঞ্জ থেকে পাথর বোঝাই করে বেড়া আসছিল। রোববার বিকেলে রাজবাড়ীর দৌলতপুরের ধুলসুরায়া এলাকায় প্রচন্ড ঝড়ের কবলে পড়ে নৌকাটি পদ্মা নদীতে ডুবে যায়। এ নৌকাডুবির ঘটনায় তিনজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। তারা হলেন- আমাইকোলা গ্রামের মৃত শুরু খাঁর ছেলে নাসির (৪৫), একই গ্রামের মৃত হাসমত আলীর ছেলে ইসমাইল (৫৫) এবং অপর নিখোঁজ শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন।



