মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের মামাদুল গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক হিন্দু পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় টঙ্গীবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, গ্রামের মৃত অনিল মন্ডলের ছেলে রতন মন্ডলের সাথে প্রতিবেশী মরহুম হারুনুর রশিদ দেওয়ানের ছেলে ইমরান দেওয়ানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত রোববার (৩ মে) ভোরে ইমরান দেওয়ান ও তার সহযোগীরা রতন মন্ডলের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় বাধা দিতে গেলে রতন মন্ডলের বৃদ্ধ মা আরতি রানী মন্ডল (৭০), ছেলে মিতিল মন্ডল (১৮) ও স্ত্রী প্রিয়াঙ্কা রানী মন্ডল (৩৬)-কে মারধর করা হয়। হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি পরিবারটিকে দেশত্যাগের হুমকিও দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী রতন মন্ডল বলেন, থানায় লিখিত অভিযোগ দেয়ার পরও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাননি তিনি।
অভিযুক্ত ইমরান দেওয়ান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কমল মন্ডলের কাছ থেকে জায়গাটি ক্রয় করেছি। ক্রয়সূত্রে জমির মালিক আমি। তাদের জায়গা ছেড়ে দিতে বলেছি, কিন্তু তারা ছাড়ছেন না।’
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল হক ডাবলু জানান, ‘অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’






