ফেনীর ফুলগাজীর আমজাদহাটে কবির আহম্মদ চৌধুরী নামে সাবেক এক বিএনপি নেতা পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়েছেন। এ সময় তার সহযোগীদের হামলায় ছাগলনাইয়া থানা পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে ফুলগাজীর আমজাদহাট এলাকায় এ ঘটনা ঘটে।

কবির আহম্মদ চৌধুরী নারী নির্যাতন মামলার আসামি। তিনি আমজাদহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন- ফুলগাজী থানা পুলিশের উপ-পরিদর্শক রাফিদ, সহকারী উপ-পরিদর্শক দিদার ও কনস্টেবল সুমন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত কবির আহম্মদ ছাগলনাইয়া থানায় করা একটি নারী নির্যাতন মামলার আসামি। মঙ্গলবার রাতে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তারে তার বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় কবির আহম্মদ হ্যান্ডকাফসহ পালিয়ে যান। ঘটনাস্থলে তার সহযোগী রাকিবসহ স্বজনদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হন।

ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম বলেন, ‘দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে গত বছরের ৬ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। তার জবাব সন্তোষজনক না হওয়ায় তখন তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়।

এ ব্যাপারে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, আসামির স্বজনদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া ও পুলিশের ওপর হামলার ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।