আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে যোগ দিয়ে সরকারের ভুল ধরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন। বিরোধী দলবিহীন পার্লামেন্ট সরকার চায় না। সরকার সংসদকে প্রাণবন্ত দেখতে চায়। নির্বাচন হয়েছে, জনগণ আপনাদের নির্বাচিত করেছেন, কেন সংসদে আসবেন না প্রশ্ন রেখে নাসিম আরো বলেন, গলায় জোর থাকলে ছয়জনই ৬০ জনের আওয়াজ তুলতে পারবেন।
গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জের কাজিপুরের নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। আওয়ামী লীগ বিরোধী দল থাকতে অনেক বার জেল খেটেছি, পুলিশের হাতে নিগৃহীত হয়েছি, কিন্তু মাঠ থেকে পালিয়ে যায়নি উল্লেখ করে সমাবেশে মোহাম্মদ নাসিম বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করবেন। সাহস থাকলে মাঠে নামেন, আন্দোলনের হুমকি দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। যে দলের নেতারা পুলিশের লাঠির আঘাতে জামাকাপড় খুলে দৌড়ে পালায়, সে নেতা দিয়ে আন্দোলন হয় না। তার চেয়ে সংসদে আসুন, জনগণের কথা বলুন, খালেদা জিয়ার মুক্তির কথা বলুন, হয়তো বা লাভ হতে পারে।
নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লায়লা আরজুমান্দ বানু বিথী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চাঁন, জেলা পরিষদের সদস্য ইছাহাক উদ্দিন, ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম প্রমুখ। এর আগে মোহাম্মদ নাসিম নাটুয়ারপাড়ায় প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিফতরের পরিদর্শন বাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
কাজিপুরের যমুনা নদীর দুর্গম চরে প্রতিষ্ঠিত নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ সরকারে আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। দুর্গম চরে ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, পাকা সড়ক নির্মাণ হয়েছে।



